ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই : জাপা মহাসচিব

দেশে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেদিকে সরকারের কোনো দৃষ্টি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সদ্য নিযুক্ত মহাসচিব মজিবুল হক চুন্নু। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।


জাতীয় পার্টি এখন আর সরকারের অংশ নয় বলে মন্তব্য করে মজিবুল হক চুন্নু বলেন, জাপা বিরোধী দল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা আমাদের প্রার্থীর ওপরে হামলা করেছে, পোস্টার ছিঁড়ে ফেলেছে। ফলে আমরা আগামীতে বিএনপির মতো নির্বাচনে না যাওয়ার চিন্তা ভাবনা করছি।


তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির ভয়ে নৌকার প্রার্থীরা গণ্ডগোল করে বিজয়ী হচ্ছেন। এ কারণে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশকে উন্নয়নের পথে নিতে জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় বসানোর চিন্তা করছে উল্লেখ করে চুন্নু বলেন, সেজন্য লেজুড়বৃত্তি ছেড়ে স্বতন্ত্র রাজনৈতিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যেতে হবে জাতীয় পার্টিকে। এ লক্ষ্যে কাজ শুরু করেছি। আগামীতে এর সুফল পাবে পার্টি ও দেশবাসী।


জাপা মহাসচিবের সঙ্গে ছিলেন পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি আহসান আদেলুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র গোলাম মোস্তফা, প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑